রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা অগ্রহণযোগ্য, ট্রাম্পের কড়া বার্তা
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা যা করেছে, তা অত্যন্ত খারাপ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাটি অগ্রহণযোগ্য। এ বিষয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।
হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা যা করেছে, তা অত্যন্ত খারাপ।’
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা বিবেচনা করছেন বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হুথিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি ‘এ ধরনের নিন্দনীয় হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রুবিও লেখেন, ‘আমরা সৌদি আরব ও সে দেশের জনগণের পাশে আছি এবং হতাহত ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ার পর সৌদি আরবের ওপর হুতিদের নজিরবিহীন হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল।
সূত্র: আলজাজিরা
