ডিজেল সরবরাহ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের চুক্তি
ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ডিজেল বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্স জারি করে।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে চুক্তির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, অবিলম্বে ৩ লাখ টন, নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল বিশ্ববাজারে সরবরাহ করবে রাশিয়া।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ডিজেলের দাম দ্রুত কমবে।
ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ডিজেল বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্স জারি করে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ২৮ ডলার। সেপ্টেম্বরের শেষ দিকে তা বেড়ে রেকর্ড ৬ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছিল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ফেব্রুয়ারি থেকে দেশটিতে ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে রয়েছে রিপাবলিকান পার্টি।
পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের জ্বালানি সহযোগিতা বিশ্বের জন্য উপকারী হবে।
তবে এর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে জ্বালানি বিক্রির সুযোগ দিলে দেশটি লাভবান হবে এবং যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। তিনি বলেন, ‘পুতিনকে উপহার দিলে শান্তি আসবে না।’
অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হিসাব অনুযায়ী, রাশিয়ায় ডিজেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমেছে বলে ধারণা করা হচ্ছে।
-6ac8522244b23.jpg)