EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচিতে পিছু হটবে না ইরান, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

পারমাণবিক কর্মসূচিতে পিছু হটবে না ইরান, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না। একই সঙ্গে মজুত থাকা ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরেও রাজি নয় তেহরান।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক জ্বালানি মজুত করা ইরানের বৈধ অধিকার।

ইসলামি জানান, দেশের চিকিৎসাসংক্রান্ত প্রয়োজন মেটানো এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অপরিহার্য। তাঁর দাবি, ইরানের এ কার্যক্রম পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) বিধান মেনেই পরিচালিত হচ্ছে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামি বলেন, নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি সামনে এনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি পুরো প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ।


পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেও জাতীয় উন্নয়ন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তিকে গুরুত্ব দেয়।

ইসলামির অভিযোগ, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের দাবি ও অভিযোগ প্রতারণামূলক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখার কথা বলেছেন। এমন পরিস্থিতিতে ইরানের সর্বশেষ বক্তব্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অনড় অবস্থান আবারও স্পষ্ট হলো।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন