EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে আপাতত আলোচনার পথেই এগোতে চায় ওয়াশিংটন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ এএম

নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে আপাতত আলোচনার পথেই এগোতে চায় ওয়াশিংটন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালানো হবে না। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালী নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, কৌশলগত এই জলপথ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। বুধবার রাতে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এর কোনোটি ইরান থেকে আসেনি বা ইরানের উদ্দেশে যায়নি বলে জানান ট্রাম্প।

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ট্রাম্পের এ মন্তব্যের আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, হোয়াইট হাউস পেন্টাগনকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত রাখতে বলেছে। মধ্যবর্তী নির্বাচনের আগেই এসব হামলা চালানোর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল।


এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালীতে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ ঘিরে পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি করে।

শত্রুতা বন্ধ ও আলোচনার পথ সুগম করতে গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে নিরাপত্তা ও হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন প্রক্রিয়া থমকে আছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রস্তাব আদান-প্রদান করলেও অগ্রগতি সীমিত।

আরও পড়ুন