উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দিল্লিসহ উত্তর ভারত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চামোলি জেলায়, ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। কম্পনের পর দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানান। অনেকে ঘরের আসবাবপত্র নড়াচড়া করার কথাও জানিয়েছেন।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সিনেমা ও সিরিজের দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান।
এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এনসিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্পেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে আসামের ভূমিকম্পটির মাত্রা ৪.৯ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
