EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, সন্দেহভাজন শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, সন্দেহভাজন শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক জোনাথন ম্যাককিনসিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোনাথনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডাবলিনের একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় ৪০ বছর বয়সী জোনাথনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা ও আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

জোনাথনের শ্বশুর-শাশুড়ি দুজনেরই বয়স ৭৭ বছর। তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

দম্পতির কোনো আইনজীবী আছেন কি না, তা জানা যায়নি। আগামীকাল বুধবার তাদের আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি করা হবে। 

স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

আসাদ রাজাওয়ি নামের একজন প্রত্যক্ষদর্শী কেজিও-টিভিকে বলেন, আমি দেখলাম, লোকটি মাটিতে পড়ে গেল। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল।

আসাদের মেয়ে বলেন, তার বাবা ওই দম্পতিকে ‘একসঙ্গে হাঁটতে এবং গুলি চালানোর পর স্বাভাবিকভাবে হেঁটে চলে যেতে’ দেখেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই জোনাথনকে মৃত ঘোষণা করা হয়। তবে তাকে হত্যার কারণ বা সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।

গ্রেপ্তার ওই দম্পতিকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে।


সিএনএন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক ওই দম্পতির মেয়ে ক্যান্ডিস ঝাংয়ের সঙ্গে জোনাথনের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এক সপ্তাহ পর ওই মামলার শুনানির তারিখ ছিল।

আদালতের নথি অনুযায়ী, তারা ২০১২ সাল থেকে বিবাহিত এবং তাদের তিন সন্তান রয়েছে।

জোনাথন হত্যাকাণ্ডের পর ক্যান্ডিসের নামে থাকা ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন