দিল্লিতে যুবককে থাপ্পড় বিজেপি মন্ত্রীর, পাল্টা ধাক্কা যুবকের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে এক যুবককে থাপ্পড় মেরেছেন বিজেপির রাজ্য সরকারের পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ ভার্মা। পরে ওই যুবকও মন্ত্রীকে ধাক্কা দেন। গত ২৭ সেপ্টেম্বর একটি সড়কের নির্মাণকাজ পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) বিধায়ক জারনাইল সিং ওই সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি বিজেপি মন্ত্রীকে সড়কের নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম দেখাচ্ছিলেন। তার দাবি ছিল, নিম্নমানের নির্মাণের কারণে রাস্তার উপকরণ হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছিল।
এ সময় বিধায়ক ও মন্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বিধায়কের সহকারী সাহিব সিং তখন মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করছিলেন।
ভিডিও করার সময় সাহিব সিং মন্ত্রীর কাছাকাছি চলে গেলে প্রবেশ ভার্মা তার হাত থেকে মোবাইল ফেলে দেন এবং তাকে থাপ্পড় মারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সাহিব সিংও মন্ত্রীকে ধাক্কা দেন। পরে উপস্থিত ব্যক্তিরা দুজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর সাহিব সিং পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি আমল-অযোগ্য (নন-কগনিজেবল) হিসেবে নথিভুক্ত করেছে। ফলে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন হতে পারে।
তবে প্রবেশ ভার্মার দাবি, ওই যুবক তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। এ কারণেই তিনি তাকে থাপ্পড় মারেন বলে জানান মন্ত্রী।
ঘটনার প্রতিবাদে আম আদমি পার্টি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সূত্র: এনডিটিভি