রাশিয়ায় বিস্ফোরণে ১৫ প্রাণহানি, নিহতদের একজন বাংলাদেশি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত
রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। নিখোঁজ বাংলাদেশি কর্মী মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে।
দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটিতে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা চলছিল। এ সময় একটি পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে হতাহত বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
২৪ ঘণ্টার হটলাইন
দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে কিংবা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সহায়তা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
