আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি ইরান, দায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের: পেজেশকিয়ান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ইরান কোনোভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন পেজেশকিয়ান। মেহের নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ কখনোই এ অঞ্চলে অশান্তি চায়নি। বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান সবসময় কাজ করে এসেছে।
পেজেশকিয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার নেতাদের হত্যা, মিনাবের স্কুলশিক্ষার্থীসহ বহু বেসামরিক মানুষকে হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি দ্রুত খুলে দেওয়া হবে।
তাকাইচি একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালীতে উত্তেজনা আরও বাড়তে না দেওয়ার জন্য ইরানকে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান।
ফোনালাপে দুই নেতা চলমান পরিস্থিতি নিয়ে সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইরান ও জাপানের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই দুই নেতার এ ফোনালাপ হলো। বিশেষ করে হরমুজ ও বাব এল-মানদেব প্রণালীর নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে।
