EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত ও বিরক্ত মুশফিকুল ফজল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত ও বিরক্ত মুশফিকুল ফজল
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে তাঁকে ‘বিকল্প’ হিসেবে বিবেচনা করে প্রচারণা চালানোয় বিব্রত ও বিরক্তি প্রকাশ করেছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে তাঁকে কোনো পদে দেখতে চেয়ে প্রচারণা না চালানোর জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে সম্প্রতি নানা কথাবার্তা তাঁর কানে আসছে। তাঁকে বিকল্প হিসেবে বিবেচনা করে কেউ কেউ অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি এ বিষয়ে লিখতে বাধ্য হয়েছেন।


বর্তমান প্রেসসচিব, অতিরিক্ত প্রেসসচিব, ডেপুটি ও সহকারী প্রেসসচিবরা সমন্বিতভাবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, নেতৃত্ব ও ভাবমূর্তি জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রেস উইংয়ের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিচয়ের বিষয়টি তুলে ধরে মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রধানমন্ত্রীর কাজের ধরন, একাগ্রতা, রাজনৈতিক দর্শন ও পেশাদারিত্ব সম্পর্কে তাঁদের মধ্যে অন্তত দুজন দীর্ঘদিন ধরে পরিচিত। এই অভিজ্ঞতা তাঁদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি বলে মনে করেন তিনি।

তবে বর্তমান টিমের আরও ভালো করার সুযোগ থাকতে পারে বলেও উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী। তাঁর ভাষায়, কোনো কাজেই ভালো করার নির্দিষ্ট সীমা নেই। একই সঙ্গে নতুন কোনো টিম এলেই সবকিছু আরও ভালো হবে—এমন নিশ্চয়তাও দেওয়া যায় না।

তাঁকে কোনো পদে দেখতে চেয়ে প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে অমুক কিংবা তমুক পদে দেখতে চাই’—এমন প্রচার, স্লোগান ও অতিরিক্ত আগ্রহে তিনি বিব্রত ও বিরক্ত।

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের আন্তরিকতার প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। তবে তাঁকে কেন্দ্র করে এমন কোনো প্রচারণা না চালানোর অনুরোধ করেন, যাতে কর্মরত ব্যক্তিরা অস্বস্তিতে পড়েন, ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয় কিংবা তাঁকে কোনো পদপ্রত্যাশী হিসেবে উপস্থাপন করা হয়।

পদ-পদবিকে দেশসেবার একমাত্র পথ নয় উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারী বলেন, পদ-পদবি দায়িত্ব পালনের একটি ক্ষেত্র হতে পারে, কিন্তু দেশসেবার একমাত্র পথ নয়। সদিচ্ছা, সাহস ও দায়বদ্ধতা থাকলে পদ-পদবির বাইরেও দেশ ও জনগণের জন্য কাজ করা সম্ভব।

নিজের অতীত ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বলেন, নিকট অতীতে কোনো রাষ্ট্রীয় পদ-পদবি না থাকলেও বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জনগণের ভোটাধিকার এবং ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের পক্ষে দেশ-বিদেশে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর প্রয়োজন, বিবেচনা ও আস্থার ভিত্তিতে যাকে যেখানে উপযুক্ত মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে দাবিসংবলিত প্রচারণাকে অপ্রয়োজনীয় ও অস্বস্তিকর বলে উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘পদ সাময়িক—দেশের প্রতি দায়বদ্ধতা চিরস্থায়ী।’

আরও পড়ুন