ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ইরান যদি কোনো শান্তিচুক্তিতে রাজি না হয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী যেকোনো সময় যুদ্ধ অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক—উভয় ধরনের কৌশল গ্রহণ করেছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে কঠোর নজরদারি এবং অবরোধ কার্যকর করা হচ্ছে।
হেগসেথ বলেন, ইরানকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের সুযোগ দেওয়া হয়েছে। তবে তারা যদি সমঝোতায় না আসে, তাহলে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ‘যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করার জন্য প্রস্তুত’ অবস্থায় রয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইরানগামী বা ইরানকে সহায়তাকারী সব জাহাজ নজরদারিতে রাখা হয়েছে। কোনো জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে তা থামানো হবে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে।
জেনারেল কেইনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩টি জাহাজ অবরোধ এড়াতে ফিরে গেছে, তবে কোনো জাহাজ আটক বা বোর্ডিং করা হয়নি।
এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। তবে একই সঙ্গে ইরান অনড় অবস্থানে থাকলে দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। [সূত্র: আল-জাজিরা, রয়টার্স]
