ডেঙ্গুতে আজও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
দেশে হামের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। বাড়ছে প্রাণহানিও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এর আগে দিন মঙ্গলবারও মশাবাহিত এই রোগটি সারা দেশে কেড়ে নেয় সাতজনের প্রাণ। অন্যদিকে আজ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে এই রোগের লক্ষণ নিয়ে গতকাল ৬ শিশু মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ১৫ দিনে ৭৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৪৩ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭ জন, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩ জন, সিলেট ৯ এবং রাজশাহী ১৫৩ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।