কারিনার গয়না নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় দীপিকার পুরোনো নেকলেস
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত
কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি নেকলেসের ছবি। ওই গহনায় আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক ছিলেন দীপিকা। সে সময় তিনি ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা ‘লখনউ রোজ’ নামের নেকলেসটি পরেছিলেন। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গহনাটি। রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি নেকলেসটির একটি পাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ কথাটি খোদাই করা ছিল।
এত দিন দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবেই পরিচিত ছিল নেকলেসটি। তবে কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও আলোচনায় এসেছে।
২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। ডিজাইনার পুনিত বালানার নকশা করা পোশাকের সঙ্গে লকেটটি পরেছিলেন কারিনা। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গহনাটি ভোপালের রাজপরিবারের।
এ ঘটনায় গত ১১ নভেম্বর কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তাঁর আইনজীবীর মাধ্যমে নোটিশটি পাঠান। তবে তিনি জানিয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে লকেটের ছবি ও ভিডিও সরিয়ে ফেলার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।
এদিকে লকেটটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যবাহী গয়না বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গহনাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের রাজকীয় গয়না ব্যবহারের সুযোগ রয়েছে।
অন্যদিকে, কারিনার প্রতি সমর্থন জানিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি কারিনার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কারিনা ও রিয়া কাপুর। তবে কারিনার গয়না নিয়ে বিতর্কের মধ্যেই দীপিকার পুরোনো নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়ায় দুই অভিনেত্রীর গহনায় ধর্মীয় প্রতীক ও বার্তার ব্যবহার নিয়ে আলোচনা চলছে।
