হত্যার হুমকি দিয়ে ক্ষমা চাওয়ানো গ্রহণযোগ্য নয় : শামসুন্নাহার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম
শামসুন্নাহার স্মৃতি
গুলশানে অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন বিতর্কিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। ভিডিও বার্তায় শামসুন্নাহার স্মৃতি বলেন, ভুলের জন্য কাউকে ক্ষমা চাইতে বলা যেতে পারে। কিন্তু গলা চেপে ধরে বা হত্যার হুমকি দিয়ে ক্ষমা চাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিজের গালিগালাজের বিষয়টি স্বীকার করে অভিনেত্রী বলেন, এটি তার ভুল ছিল এবং এ জন্য তিনি ক্ষমা চাইতে পারেন। তবে নারী হওয়ার কারণে তাকে অপমান বা হয়রানি করা হলেও প্রতিবাদ করতে পারবেন না—এমন প্রত্যাশা অন্যায়।
শামসুন্নাহার স্মৃতির অভিযোগ, তাকে অপদস্থ করার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমা চাননি। বরং তার কাজ নষ্ট করতে ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে কাজে না নেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি তাকে বয়কটের ডাক দিয়ে একধরনের মব তৈরি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, বয়কটের প্রচারণায় কাজ না হওয়ায় সংশ্লিষ্টরা সরাসরি অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর করছেন। শামসুন্নাহার স্মৃতি যেখানে যাবেন, সেখানেই অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ভিডিওর শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন শামসুন্নাহার স্মৃতি। তার ভাষ্য, ফোন হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুললেই কেউ সাংবাদিক হয়ে যান না। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতা নয়, বরং সন্ত্রাসী আচরণ।
-6af08e487d8bb.png)