ছবি: সংগৃহীত
বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের চতুর্থ জন্মদিন ঘিরে ছিল বিশেষ আয়োজন। প্যাস্টেল রঙের সাজসজ্জা, জনপ্রিয় কার্টুন ‘ব্লুই’ থিমের কেক এবং পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তে মেয়ের জন্মদিন উদ্যাপন করেন তারকা দম্পতি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) ইনস্টাগ্রামে জন্মদিন উদ্যাপনের কয়েকটি ছবি শেয়ার করেন আলিয়া। ছবিতে দেখা যায়, প্যাস্টেল নীল রঙের ক্যাম্পার ভ্যান, রঙিন বেলুনসহ নানা সাজসজ্জায় আয়োজনটি সাজানো হয়েছে। একটি ছবিতে আলিয়াকে ফুলের নকশার পোশাক পরে উপহারের ব্যাগ হাতে হাসিমুখে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সে এখন চার বছরের। আমাদের ছোট্ট ইউনিকর্ন। আমরা ভীষণ ভাগ্যবান, তাকে নিয়ে মুগ্ধতায় ভরা। চিরকাল, চিরদিন।’
জন্মদিনের অন্যতম আকর্ষণ ছিল কেক কাটার আয়োজন। মা-বাবার কোলে বসে রাহা কেক কাটার সময় দুজনেই তাকে সাহায্য করেন। শিশুদের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ব্লুই’-এর আদলে তৈরি করা হয়েছিল কেকটি। এ ছাড়া সাদা ফ্রস্টিংয়ের ওপর তিনজনের হাত ধরে থাকার ছবি ও লাল হৃদয়ের চিহ্ন আঁকা আরেকটি কেকও ছিল।
আলিয়া শেয়ার করা অন্য ছবিতে রাহাকে ক্রেয়ন দিয়ে রংধনু আঁকতে, ঘাসের ওপর খালি পায়ে দৌড়াতে এবং মায়ের আদর পেতে দেখা যায়। তবে বরাবরের মতো এবারও মেয়ের মুখ আড়ালে রেখেছেন আলিয়া-রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করলেও রাহার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সচেতন এই দম্পতি।
২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়ি বাস্তুতে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের ৬ নভেম্বর জন্ম হয় রাহার। বর্তমানে রণবীরকে দেখা যাচ্ছে ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় রামের চরিত্রে। অন্যদিকে আলিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘আলফা’ সিনেমায়। আগামী বছর সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে পর্দায় ফিরবেন এই তারকা দম্পতি।
