EN ☀️
×

Follow Us

বিনোদন

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা, ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা, ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অ অ

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার একটি দৃশ্যকে কেন্দ্র করে ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলিরা ওই দৃশ্যকে ‘সামাজিক রীতিনীতি’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটির গল্প সারা নামের এক তরুণীকে ঘিরে। বাবার হত্যার প্রতিশোধ নিতে তেহরান থেকে প্যারিসে যান তিনি। পরে আবার ইরানে ফিরে আসেন।

নাটকের একটি দৃশ্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সেখানে অভিনেত্রী ফাতেমেহ মাসৌাদিফারকে সহ-অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। এ সময় অভিনেতার হাতও অভিনেত্রীর মাথার ওপর ছিল বলে ভিডিওতে দেখা যায়।


ইরানের ইসলামি আইনে বৈবাহিক বা আত্মীয়তার সম্পর্ক নেই—এমন নারী ও পুরুষের মধ্যে প্রকাশ্যে শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও এ বিধিনিষেধ প্রযোজ্য।

তবে বিতর্কিত দৃশ্যটির বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে নাটকটির প্রযোজনা সংস্থা। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদনের বরাতে জানা যায়, শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, খুব কাছ থেকে এবং সংকীর্ণ কোণ থেকে ধারণ করা মোবাইল ভিডিওর কারণে অভিনেতা-অভিনেত্রীকে বাস্তবের তুলনায় বেশি কাছাকাছি মনে হয়েছে।

প্রযোজনা সংস্থার দাবি, বিতর্কিত দৃশ্যে অভিনয় করা দুই চরিত্র আসলে ভাই-বোন। ফলে ইসলামি আইনের দৃষ্টিতে তাদের মধ্যে শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। নাটকের একটি সংকটপূর্ণ মুহূর্ত তুলে ধরতেই দৃশ্যটি রাখা হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে চলতি সপ্তাহেই কোম শহরের একটি আপিল আদালত গায়িকা পারাস্তুা আহমাদি ও আরও সাতজন সংগীতশিল্পীর সাজা বহাল রাখে। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রচারিত একটি কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার অভিযোগে তাদের সাজা দেওয়া হয়েছিল।

আদালতের রায়ে প্রত্যেককে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। পাশাপাশি দুই বছরের জন্য তাদের গান পরিবেশন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

আরও পড়ুন