অপ্রতিমের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ তারকারা, বিচারের দাবি
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত
মাত্র ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের ভালো লাগত মুঠোফোনে প্রকৃতির ছবি তুলতে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর ফেরা হয়নি। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি নাড়া দিয়েছে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা।
অভিনেতা সিয়াম আহমেদ অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, একটি সন্তান ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা কোনো বাবা-মায়ের জন্য কতটা ভয়াবহ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমরা আইফোনকে এতটাই মহিমান্বিত করেছি যে এটি একটি জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে। দোষটা আমাদেরই।’
অভিনেত্রী পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি পরিবারের একমাত্র সন্তান এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নেওয়া কঠিন। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার প্রত্যাশা জানান তিনি।
অভিনেতা ইরফান সাজ্জাদও অপ্রতিমের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর পোস্টে দেশের নিরাপত্তাব্যবস্থা ও বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
অপ্রতিমের মৃত্যুতে তারকাদের প্রতিক্রিয়ায় যেমন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা উঠে এসেছে, তেমনি এসেছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি। এখন তদন্তের মাধ্যমে অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের অপেক্ষায় তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
