কুমিল্লা-সিলেট মহাসড়কে শব্দদূষণবিরোধী অভিযান, জরিমানা
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩টি পরিবহনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শব্দদূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ করছেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যাওয়া কুমিল্লা-সিলেট মহাসড়কে শব্দদূষণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অনুমোদিত মাত্রার চেয়ে অধিক শব্দ উৎপন্ন করা এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩টি গাড়িকে ৩টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে গাড়িগুলো থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্তত ১০টি বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সাঁটানো হয়।
অভিযান পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার নেতৃত্ব দেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসান। বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, পরিবেশ রক্ষায় ও পরিবেশগত ক্ষতি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।