শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য সরকারের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
মাহ্দী আমিন
শিক্ষা খাতে সরকারি বরাদ্দ পর্যায়ক্রমে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, প্রথম বছরেই এ বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবেও বক্তব্য দেন মাহ্দী আমিন।
শিক্ষা খাতের বরাদ্দকে ব্যয় হিসেবে না দেখে মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য হবে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।
মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও শিক্ষার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। এ সময়ে শিক্ষাসংক্রান্ত বিভিন্ন নীতি ও পরিকল্পনা দেখার সুযোগ হয়েছে। এখন সেসব পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারছেন। মিড-ডে মিল কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই করে আসছেন।
শিক্ষার দুটি মূল উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রথমত, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করতে পারে—এমন সুনাগরিক তৈরি করা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হতে পারে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে ভালো মানুষ ও দক্ষ কর্মী তৈরি করাই সরকারের লক্ষ্য।
শিক্ষাক্রমে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত করা হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, শিক্ষাক্রমকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে মাহ্দী আমিন বলেন, বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়ন ও প্রসারে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিকদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ভিন্নমত থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। ইরাবের নতুন কমিটি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন মাহ্দী আমিন।
উল্লেখ্য, শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে ইরাব।
-6b084911026f2.jpg)