EN ☀️
×

Follow Us

শিক্ষা

সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দিলো এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দিলো এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

কারও হাতে শীতের পোশাক, কারও হাতে নতুন খেলনা। কেউ পেয়েছে খাতা-কলম, কেউ গল্পের বই কিংবা স্কুলব্যাগ। ছোট ছোট এসব উপহার পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। তাদের হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এমনই এক মানবিক উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্বপাড়ায় এ আয়োজন করা হয়। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র, খেলনা, খাতা, কলমসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শিশুরা।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, মূলত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। উপহার বিতরণের পাশাপাশি শিশুদের খোঁজখবর নেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। তাদের সঙ্গে সময় কাটান, আনন্দ ভাগাভাগি করেন এবং ভালোবাসার বন্ধনে যুক্ত হন আয়োজকরা।

আয়োজনটি শুধু উপহার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, তাদের আনন্দের অংশীদার হওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।

আনভীর বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের কর্মকর্তারা।

ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর ইশরাত জাহান বলেন, এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দের পাশাপাশি তাদের প্রতি সমাজের দায়িত্ববোধেরও প্রকাশ। শিশুদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।

বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষিকা নুসরাত নিগার বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী, শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, চকলেট, মোজা ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। এ আয়োজনে বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে।

তিনি বলেন, একদিন শিক্ষার্থীদের সঙ্গে সুবিধাবঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানোর বিষয়ে কথা বললে তারা খুব উচ্ছ্বসিত হয়েছিল। আমাদের স্কুলের এতগুলো শিশু এখানে আসতে পারবে না বলে তাদের প্রতিনিধি হিসেবে আমরা ভালোবাসার নিদর্শন পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।

নুসরাত নিগার আরও বলেন, এখানে আসার পর যে অভ্যর্থনা পেয়েছি, তা আমার স্কুলের শিক্ষার্থীরা দেখলে এবং অন্যদের লেখাপড়া ও বসবাসের পরিবেশ সম্পর্কে জানলে তারা আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পেত। একই সঙ্গে শিক্ষার মর্ম, সহমর্মিতা ও সেতুবন্ধনের বিষয়টিও বুঝতে পারত।

বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষক মনসুর রহমান বলেন, কর্তৃপক্ষের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সুবিধাবঞ্চিতদের সহায়তায় বসুন্ধরা গ্রুপের এমন ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও সক্রিয় ও অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষায় সহযোগিতার লক্ষ্য থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। পাশাপাশি আনভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় তারা এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, এ কার্যক্রমের প্রথম ভেন্যু হিসেবে ইগনাইট স্কুলকে বেছে নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সহযোগিতায় ভবিষ্যতে বিভিন্ন নতুন ভেন্যুতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রফেসর মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সঙ্গে যুক্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষকরা জানান, একটি উপহার হয়তো সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের সব বাস্তবতা বদলে দিতে পারে না। তবে একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা আর আন্তরিক উদ্যোগ তাদের মনে জাগাতে পারে নতুন স্বপ্ন। এমন মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন