এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
ফাইল ছবি
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ বছর মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।
তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, যাতে তাদের আরও একটি বছর নষ্ট না হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে ফল ভালো করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে। এ জন্য অভিভাবক ও শিক্ষকদেরও সহযোগিতা চাওয়া হবে।
এ সময় উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
