দ্বিতীয় দিনেও চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: সংগৃহীত
উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন। এতে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা গণস্বাক্ষর সংগ্রহ করছেন। পাশাপাশি ক্যাম্পাসে ক্রিকেট, ফুটবল খেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে সময় কাটাচ্ছেন।
শিক্ষার্থীরা বলেন, তাদের একমাত্র দাবি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার সকাল ১০টার পর চট্টগ্রাম সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এরপর সোমবার রাত থেকেই তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। দ্বিতীয় দিনেও কর্মসূচি চলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা অব্যাহত রয়েছে।
