EN ☀️
×

Follow Us

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ, ৯৩ শতাংশ আসন উন্মুক্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ, ৯৩ শতাংশ আসন উন্মুক্ত
অ অ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালা অনুযায়ী, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ এ দুই শ্রেণির জন্য মোট ২ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে।

মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে তারা এ সুবিধা পাবেন। সংরক্ষিত আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ সুবিধা পেতে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে তার দপ্তরপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। কর্মকর্তা নিজেই দপ্তরপ্রধান হলে তার এক ধাপ ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দিতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভর্তির সময় এসব কাগজের মূল কপি দেখাতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করতে হবে। এরপর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তবে সংরক্ষিত আসনের জন্য যোগ্য মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোনো অবস্থাতেই সংরক্ষিত আসন শূন্য রাখা যাবে না।

আরও পড়ুন