পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ এএম
ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দফায় দফায় বৈঠক আর দরকষাকষির পর দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টায়। নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ দর কষাকষির পর মালিক পক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। চতুর্থ গ্রেডে তারা এর চেয়ে বেশি বৃদ্ধিতে রাজি হননি।
অপরদিকে ১৮ হাজার টাকার নীচে নামতে রাজি হননি শ্রমিকপক্ষ। আলোচনার মাধ্যমে সব পক্ষ ঐকমত্য হতে না পারায় শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের মধ্যে চূড়ান্ত করতে ভোটাভুটি হয়।
ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।
এ ছাড়া তৈরি পোশাক খাতে শ্রমিকদের অন্যান্য গ্রেডে ন্যূনতম মজুরি তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
