পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সভায় উপস্থিত রয়েছেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল অংশ নিয়েছেন। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। দ্বিতীয় সভা হয় ৯ নভেম্বর। ওই সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।
গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) স্থগিত সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবারের সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ চতুর্থ সভায় বসেছে বোর্ড।
