নব্বইয়ের দশকের গানের মূর্ছনায় কাটলো ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের হিন্দি গানগুলো মনে আজো আলোড়ন তুলে। কখনো পুরোনো প্রেমের স্মৃতি, কখনো বন্ধুত্বের গল্প, কখনো ফেলে আসা দিনগুলো মনে পড়া। কিন্তু হঠাৎ চেনা সেই গানগুলো বেজে উঠলে মুহূর্তেই মন ফিরে যায় অতীতে।
রাজধানীর ব্যস্ত নগরজীবনে এমনই এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা নামলেই কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফুট সড়কের পাশে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে জমে ওঠে সংগীতপ্রেমীদের মিলনমেলা। এ দিন অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ আয়োজন ‘এডিশন: ৯০ দশকের হিন্দি গান’।
সুরেলা গানের পাশাপাশি রেস্টুরেন্টের ভিতরে মৃদু আলো, রাজকীয় সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি করে।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এ সংগীতসন্ধ্যা। নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ মঞ্চের পরিবেশনা আর অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাবারের টেবিল হয়ে উঠেছিল সংগীতের আড্ডাখানা। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলেই পাশের টেবিল থেকেও ভেসে এসেছে গুনগুন করে গলা মেলানোর শব্দ।
তবে এ আয়োজনের আকর্ষণ শুধু পুরোনো দিনের গানই ছিল না। গানের আবহে মিশে গিয়েছিল আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম বিশেষত্ব ঐতিহ্যবাহী মোগলাই খাবার।
পুরোনো রেসিপি ও রন্ধনশৈলীতে তৈরি বিভিন্ন পদের স্বাদ অতিথিদের সামনে তুলে ধরেছে এ অঞ্চলের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের পরিচয়। খাবার পরিবেশনেও ছিল বিশেষ আয়োজন।
মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের সাজসজ্জা মিলিয়ে অতিথিরা পান রাজকীয় ভোজের অনুভূতি। একদিকে নব্বইয়ের দশকের হিন্দি গান, অন্যদিকে মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ, দুইয়ের সমন্বয়েই ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ হয়ে উঠেছে সাধারণ নৈশভোজের চেয়ে আলাদা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে এ আয়োজনের একেকটি পর্ব। ফলে প্রতিবারই থাকছে নতুন অভিজ্ঞতা ও নতুন আবহ।
নব্বইয়ের দশকের হিন্দি গানের পর আগামী ২০ নভেম্বর পরিবেশিত হবে নজরুলগীতি। আগামী ২৭ নভেম্বর থাকবে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ যেন মনে করিয়ে দেয়, কিছু গান কখনো পুরোনো হয় না। এমনই ধারণা সংশ্লিষ্টদের।
Recommended Stories
