আইসিসিবিতে শুরু নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলো হলো—বিল্ড বাংলাদেশ, রিয়েল এস্টেট এক্সপো, পাওয়ার বাংলাদেশ, সোলার বাংলাদেশ, ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং ওয়াটার বাংলাদেশ। এগুলো যথাক্রমে ৩১তম, ২৫তম, ২৮তম, ২৩তম, অষ্টম ও অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
আইসিসিবির ৪ নম্বর হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, এসআরইডিএর সদস্য ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।
প্রদর্শনীগুলোতে নির্মাণসামগ্রী, আবাসন প্রকল্প, নির্মাণপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, স্মার্ট লাইটিং, পানি পরিশোধন ও বর্জ্যপানি ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এতে লেসো বাংলাদেশ, রহিম স্টিল, আকিজ ইলেকট্রনিকস, হুয়াওয়ে, সিমেন্স, রহিমআফরোজ ও গ্রামীণ সোলারসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৪ নম্বর হলে রয়েছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ছয়টি প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থীর সমাগম আশা করছেন আয়োজকেরা।
এদিকে, ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। এতে মাস্টারক্লাস, প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রকল্পের উপস্থাপনা থাকছে।
