প্যাকিং মেশিনের নামে সিগারেট কারখানার যন্ত্রপাতি আমদানি
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত
প্যাকিং ও র্যাপিং মেশিনের নামে চট্টগ্রাম বন্দরে আমদানি করা চালানে মিলেছে সিগারেট তৈরির পুরো উৎপাদন লাইনের সাতটি যন্ত্র। অর্থাৎ, শুধু প্যাকেটজাত করার সরঞ্জাম নয়, সিগারেট তৈরি থেকে শুরু করে মোড়কজাত করার মেশিনও রয়েছে চালানে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।
ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে চালানটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ব্যবহার করা হয়েছে।
তবে সিআইআইডির পরীক্ষায় চালানে সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, প্যাক র্যাপিং মেশিন, বক্সার এবং সেলোফেন ওভারর্যাপার পাওয়া যায়। এসব যন্ত্র দিয়ে সিগারেট তৈরি ও প্যাকেটজাত করা সম্ভব।
চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে মেশিনের মডেল, বয়স ও অবস্থা যাচাইয়ের পর প্রকৃত মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।
সিআইআইডির পর্যবেক্ষণ, সিগারেট তৈরির যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় যাচাই করা জরুরি। অন্যথায় নকল ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও বাজারজাতের ঝুঁকি তৈরি হতে পারে। এতে বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, চালানটির আমদানি-সংক্রান্ত তথ্য, পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
-6af52cea31861-6af52f77d19c1.jpg)