EN ☀️
×

Follow Us

অর্থনীতি

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

ছবি: সংগৃহীত

অ অ

জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, এ ধরনের ব্যবসায়িক মডেলে প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে শেয়ারভিত্তিক প্রকল্পে জমির মালিকানা, অনুমোদিত নকশা, নির্মাণের সক্ষমতা ও ফ্ল্যাটের আইনি অধিকার নিশ্চিত করা হয় না। ফলে ক্রেতারা অর্থ বিনিয়োগ করেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট পাওয়া বা বৈধ মালিকানা বুঝে পাওয়ার নিশ্চয়তা পান না। 

রিহ্যাবের দাবি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের অভিযোগে ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় প্রায় ৪০ হাজার ক্রেতা ও ১২ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট। শেয়ারভিত্তিক প্রকল্পে নির্মিত ভবনগুলোর অনুমোদিত নকশা ও নির্মাণমান যাচাইয়ে স্বাধীন কারিগরি নিরীক্ষারও দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তে সংগঠনটির পূর্ণ সহযোগিতা রয়েছে। তবে প্রায় তিন মাস ধরে তদন্তের কারণে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে সংগঠনের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং পরিচালক মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন, অধ্যাপক ফারুক আহমদ, মো. জহির আহমেদ, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, এম. ফখরুল ইসলাম ও এ. এস. এম. আব্দুল গাফফার মিয়াজী উপস্থিত ছিলেন।

এ ছাড়া রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির সদস্য সঞ্জয় চক্রবর্তী এবং সদস্য শফিকুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন