ব্লু-ইকোনমির সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখছে সরকার। সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
সভায় মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.) একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এতে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাময় খাত এবং এ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
উপস্থাপনায় সামুদ্রিক মৎস্য ও সমুদ্রে মাছ চাষ, সমুদ্রবন্দর ও নৌপরিবহন, অফশোর জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারীরা সামুদ্রিক প্রতিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের সামুদ্রিক সম্পদ টেকসইভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, পরিকল্পিতভাবে ব্লু-ইকোনমি খাতের উন্নয়ন করা গেলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
-6a9d71691ddb4.jpg)