EN ☀️
×

Follow Us

চিত্র-বিচিত্র

ফাগুনের মোহনায় ভালোবাসার ছোঁয়া: আজ পহেলা ফাল্গুন

বসন্ত মানেই পুরানোকে ভুলে নতুনকে আবাহন করা। বসন্তের এই আনন্দ উৎসবে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের কাছাকাছি আসার দিন আজ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

ফাগুনের মোহনায় ভালোবাসার ছোঁয়া: আজ পহেলা ফাল্গুন

বসন্তের উচ্ছ্বাস। ছবি: সৌরভ দাশ

অ অ

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/ তব ঘন কুন্তল-গন্ধ বিলাইছে সে অলস বায়ু ভরে...’

শীতের রিক্ততা ঝেড়ে প্রকৃতি আজ সেজেছে নতুন সাজে। বৃক্ষের শাখায় শাখায় কচি পাতার উদ্ভাস, শিমুল-পলাশের রক্তিম আভা আর কোকিলের কুহুতান জানান দিচ্ছে- আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কাকতালীয়ভাবে আজ বিশ্ব ভালোবাসা দিবসও। প্রকৃতি আর মানুষের হৃদয়ে আজ তাই দ্বিগুণ আনন্দের দোলা।

বাংলার ঋতুচক্রের শেষ ঋতু বসন্ত হলেও এর আবেদন সবার উপরে। নাগরিক যান্ত্রিকতা ছাপিয়ে আজ রাজধানীর রাজপথ থেকে শুরু করে গ্রামের মেঠোপথ- সবখানেই লালের আভা আর হলুদের সমারোহ। ফাগুনের এই আগুন রাঙা দিনে প্রকৃতি যেন নিজের সবটুকু রূপ ঢেলে দিয়েছে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার ভিড়ে মৌমাছিদের গুঞ্জন আর হালকা দক্ষিণা হাওয়া মনে করিয়ে দিচ্ছে পরিবর্তনের গান।

আজকের সকালটা শুরু হয়েছে বাসন্তী রঙে। রাজধানীর চারুকলা বকুলতলা, রমনা পার্ক আর ধানমন্ডি লেক এখন লোকে লোকারণ্য। নারীদের পরনে বাসন্তী বা হলুদ শাড়ি, খোঁপায় গাঁদা বা জিপসি ফুলের মালা; আর পুরুষদের পরনে রঙিন পাঞ্জাবি। তরুণ-তরুণীদের এই প্রাণবন্ত উপস্থিতি জানান দিচ্ছে, বসন্ত শুধু ঋতু নয়, এটি বাঙালির এক প্রাণের উৎসব।


গত কয়েক বছরের মতো এবারও পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে পড়েছে। ফলে বসন্তের উৎসব আর ‘ভ্যালেন্টাইনস ডে’-র উদযাপন মিলেমিশে একাকার। প্রিয়জনকে ফুল দেওয়া, উপহার বিনিময় আর একসাথে কিছুটা সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন সবাই। বিশেষ করে শাহবাগের ফুলের বাজারগুলোতে আজ তিল ধারণের জায়গা নেই। গোলাপের আকাশচুম্বী দামও যেন দমাতে পারছে না প্রেমিক যুগলদের।

বসন্ত বরণ উপলক্ষ্যে দেশজুড়ে আয়োজিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে যন্ত্রসংগীত ও নাচের মাধ্যমে ঋতুরাজকে স্বাগত জানানো হয়। গান, কবিতা আর নাচের ছন্দে শিল্পীরা ফুটিয়ে তুলছেন বসন্তের বন্দনা।

বসন্ত মানেই পুরানোকে ভুলে নতুনকে আবাহন করা। বসন্তের এই আনন্দ উৎসবে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের কাছাকাছি আসার দিন আজ। কবির ভাষায়, ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে’। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে আজ সবাই মেতে উঠেছে প্রাণের স্পন্দনে।

আরও পড়ুন