বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি এ দেশে বিনিয়োগে এগিয়ে আসতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়াতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার জন্যও দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান (Tran Thi Xuan Oanh) পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।
সাক্ষাতের আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের (Tô Lâm) প্রতি শুভেচ্ছা জানাতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সে দেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়াতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা প্রয়োজন। এ ক্ষেত্রে ভিয়েতনামকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি ভিয়েতনামকে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য গুণগত মানসম্পন্ন এবং দামের দিক থেকেও প্রতিযোগিতামূলক।
চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগের কথা জানান।
রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা এবং কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়। রাষ্ট্রপতি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চান। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি ওই রায়ে উঠে এসেছে। রায়টির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-6b05912a733bd.jpg)