বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে আইনজীবীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন তাঁরা।
এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধের বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।
রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরা চাইলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে তাঁদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।
হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের এ চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।