EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভিসা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-কানাডা আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

ভিসা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-কানাডা আলোচনা

ছবি: মন্ত্রণালয়

অ অ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত দেওয়া, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে কানাডার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এসব বিষয় নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন কানাডার সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়েলডন এপ বাংলাদেশ ও কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় (এফওসি) যৌথ সভাপতিত্ব করতে ঢাকায় এসেছেন। এর আগে একই দিন দুই দেশের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে শামা ওবায়েদ বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কানাডার ভূমিকারও প্রশংসা করেন তিনি। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির গুরুত্ব এবং এ খাতে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন। 

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। শামা ওবায়েদ জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। তিনি বাণিজ্যের পরিধি বাড়ানো এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের উন্নয়নে কানাডার সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশকে তিন বছর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান শামা ওবায়েদ। বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা দ্রুত দেওয়ার অনুরোধ করেন তিনি।

অবৈধ অভিবাসন বন্ধে সরকারের অবস্থানও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষ কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ বাড়াতে চায় সরকার। 

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সংকটে কানাডার ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলায় কানাডার সমর্থনের জন্যও ধন্যবাদ জানান তিনি।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে ১৯ নভেম্বরের আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন