মালাগার সঙ্গে বাণিজ্য ও পর্যটনে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
স্পেনের মালাগা শহরের সঙ্গে বাণিজ্য, পর্যটন, কৃষি, তথ্যপ্রযুক্তি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ বিষয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) মালাগার মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি জানায়।
বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ বিষয়ে স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আলোচনায় কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির মতো বিষয় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দেওয়ার প্রশংসা করেন মালাগার মেয়র। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের প্রত্যাশা জানান তিনি।
এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।
