EN ☀️
×

Follow Us

কূটনীতি

জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টর, সহযোগিতা বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টর, সহযোগিতা বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অ অ

জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর, বস্ত্র ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং আগামী ৫০ বছরে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

 এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের নতুন সরকারের অধীনে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।

নেদারল্যান্ডসের মন্ত্রী জানান, সামুদ্রিক বাণিজ্যবিষয়ক একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এ ছাড়া বস্ত্র ও পানি ব্যবস্থাপনা খাতেও সফরের বিষয়ে আগ্রহ রয়েছে দেশটির। আগামী ৫০ বছরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা বাড়ানোর আবেদনে নেদারল্যান্ডসের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নিতে দেশটির সহযোগিতা চান তিনি। এ সময় সাম্প্রতিক বৈশ্বিক সংকটের প্রভাবও তুলে ধরা হয়। 

পানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার কথা তুলে ধরে দুই পক্ষ পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাল খননসহ পানি ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কাছে পানি ব্যবস্থাপনা একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিবাসন, বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা, জাতিসংঘের সংস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্বের বিষয়টিও আলোচনায় আসে।

আরও পড়ুন