EN ☀️
×

Follow Us

কূটনীতি

রূপপুরের জ্বালানি বহনে অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

রূপপুরের জ্বালানি বহনে অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত

অ অ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী রুশ বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে পাকিস্তান। বিষয়টিকে ‘কারিগরি ও প্রক্রিয়াগত সমস্যা’ হিসেবে উল্লেখ করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান হাইকমিশন বলেছে, এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে যে ঘটনার কথা বলা হয়েছে, তা সম্ভবত ফ্লাইটের রুট নির্ধারণ ও আকাশসীমা ব্যবহারের অনুমতি-সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ঘটেছে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন আসে।

হাইকমিশন আরও বলেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্ব দেয়। তাই ঘটনাটিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত। একই সঙ্গে এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

এর আগে বাংলাদেশ জানিয়েছিল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ২৪ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে জ্বালানি আনা সম্ভব হয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানিয়েছিলেন, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেদিন জ্বালানি পৌঁছায়নি।

মন্ত্রী তখন বলেছিলেন, পাকিস্তান ঠিক কী কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তা স্পষ্ট নয়। পরে নতুন তারিখ প্রস্তাব করা হয়। রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি পৌঁছানোর সম্ভাব্য সময় জানিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের প্রস্তাব অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানির চালানটি বাংলাদেশে পৌঁছানোর নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পদ্মা নদীর তীরে নির্মাণাধীন প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

আরও পড়ুন