EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাস বিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ইন্সপেক্টর শেখ বশির আহমেদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিকে, রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে জামাল উদ্দিন ভূঁইয়া রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত থেকে আসামির চার দিনের রিমান্ডের আদেশ আসে।

ওই আবেদনে বলা হয়, আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্যান্য আসামিদের সহায়তায় সরকার বিরোধী হোয়াটস্ অ্যাপের সাথে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উস্কানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করছেন।

এছাড়া কতিপয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট প্লাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আ. আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রক্ষা করে তিনি আওয়ামীলীগের পুনর্বাসন ও রাষ্ট্র বিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

 ফেসবুকে বিভিন্ন পেইজের সাথে সংযুক্ত থেকে সহিংসতা, অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কন্টেন্ট তৈরী এবং পোষ্ট দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।

আরও বলা হয়, এ সংগঠনের কাজ মূলত দেশের বিভিন্ন গোষ্ঠীর ভেতরে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা। তারা সক্রিয়ভাবে নিজেরা অংশগ্রহণ করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনবলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করে বিদ্বেষ সৃষ্টি করেছে।

 এ আসামি বিভিন্নভাবে পুলিশ হত্যার পক্ষে অপপ্রচার করে রাষ্ট্রদ্রোহ মূলক কাজে নিয়োজিত রয়েছেন। তিনি ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে এখন পর্যন্ত মামলার আসামি ও তাদের সহযোগী আসামিদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসামূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে আবেদনে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, তাদের সাথে দেশী ও বিদেশী গুপ্তচরের যোগাযোগ রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

এর আগে, গত ৩১ অক্টোবর দিবাগত রাতে ঢাকার বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন