কম্বোডিয়ায় মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত
কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার, স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)। তাঁদের দুজনের বাড়িই গাজীপুরের পূবাইল এলাকায়।
সিআইডির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বিদেশে ভালো চাকরির আশ্বাসে দুই তরুণের পরিবারের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা করে নেওয়া হয়। পরে তাঁদের কম্বোডিয়ায় পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয়। সেখানে তাঁদের জোর করে অনলাইন প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো তাঁদের।
একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারলে তাঁদের মুক্তির জন্য পাঁচ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। পরিবার অর্থের ব্যবস্থা করলেও অভিযোগ অনুযায়ী, মুক্তির পরও তাঁদের নিয়ন্ত্রণে রাখা হয় এবং দেশে ফেরার টিকিটের খরচও পরিবারের কাছ থেকে নেওয়া হয়।
পরে ভুক্তভোগী দুই তরুণ ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সহায়তা চান। প্রায় দুই মাস কম্বোডিয়ায় অবস্থানের পর গত ৩ সেপ্টেম্বর তাঁরা দেশে ফেরেন।
সিআইডি জানায়, এ ঘটনায় পল্টন থানায় ২৬ অক্টোবর মামলা করা হয়। মামলাটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
