পঞ্চগড়ে ৫০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: বসুন্ধরা শুভসংঘ
পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের উপার্জনে সংসারে অবদান রাখতে চান আনারকলি। স্বপ্ন দেখেন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার। তাঁর সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আনারকলির মতো পঞ্চগড়ের আরও ৪৯ নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলা অডিটোরিয়ামে বসুন্ধরা শুভসংঘের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার ৫০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সীমা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।
ইমদাদুল হক মিলন বলেন, গত তিন বছর ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতি মাসে ১০০টি করে সেলাই মেশিন উপহার দেওয়া হচ্ছে। নারীদের আত্মনির্ভরশীল করাই এ উদ্যোগের লক্ষ্য। একটি সেলাই মেশিন কাজে লাগিয়ে রংপুরের গঙ্গাচড়ার এক নারী এখন ১০টি মেশিনের মালিক হয়েছেন এবং অন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উপহার পাওয়া নারীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে আয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
সীমা শারমিন বলেন, পঞ্চগড়ের নারীরা পরিশ্রমী ও কর্মোদ্যমী। তাঁদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। উপহার পাওয়া সেলাই মেশিন বিক্রি না করে আয়-উপার্জনের কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।
ফাহমিদা সুলতানা বলেন, সেলাই মেশিন নারীদের স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ। এটি কাজে লাগিয়ে আয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন তিনি।
-6b0024ca22a72.jpg)