EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন
অ অ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল ঢাকাইয়া পাড়া গ্রামে যাত্রা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার। 

শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন।

গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিশু-কিশোর ও তরুণদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী সায়েদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমদাদুল হক মিলন বলেন, শহরের তুলনায় প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরে নানা ধরনের বই পড়ার সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। এই পাঠাগারের ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণেরা সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই পড়ার সুযোগ পাবে। পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীদের জ্ঞানচর্চা এবং সৃজনশীল চিন্তা বিকাশের কেন্দ্র হয়ে উঠতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপস্থিত ব্যক্তিরা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। নিজেদের গ্রামে পাঠাগার হওয়ায় তাঁরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, পাঠাগারটি শুধু বই পড়ার জায়গা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক সচেতনতা বাড়াতেও সহায়ক হবে। নিয়মিত বই পড়ার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের জ্ঞানসমৃদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।

আরও পড়ুন