সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম
বসুন্ধরা শুভসংঘের বিভাগীয় সম্মেলন
‘চলি মানবতার সাথে’ স্লোগানে বগুড়ার সান্তাহারে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে তিন শতাধিক সদস্য অংশ নেন। সম্মেলনে ৬৫ জন সংগঠক ও দুই সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।
গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘির সান্তাহারে শখের পল্লীর হীরাঝিল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন।
এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার ৬৫ জন সংগঠককে সাংগঠনিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেরা সংগঠক সম্মাননা স্মারক’ ও সনদ দেওয়া হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার ও সান্তাহারের প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টুকে ‘কৃতী সাংবাদিক সম্মাননা’ দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন ইমদাদুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে দাঁড়ানোর একটি দৃঢ় প্রত্যয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি তরুণদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের সদস্যদের ভূমিকা রাখতে হবে।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে মানবিক সমাজ গঠনে বসুন্ধরা শুভসংঘ কাজ করছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হবে।
