EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শিবচরে বসুন্ধরা শুভসংঘের পাঠাগারে জমছে পাঠ আড্ডা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

শিবচরে বসুন্ধরা শুভসংঘের পাঠাগারে জমছে পাঠ আড্ডা

শিবচরে বসুন্ধরা শুভসংঘের পাঠাগারে বই পড়ছেন পাঠকেরা।

অ অ

মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘের পাঠাগারে বই পড়ার আগ্রহ বাড়ছে। উপজেলার বাশকান্দি এলাকার আব্দুর রশিদের হাটে গড়ে ওঠা এ পাঠাগারে শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক, নানা বয়সী মানুষ আসছেন বই পড়তে। বই পড়া শেষে জমে উঠছে পাঠ আড্ডা।

সরেজমিনে দেখা যায়, কেউ পড়ছেন গল্প-উপন্যাস, কেউ ইতিহাস বা জ্ঞান-বিজ্ঞানের বই। পড়া শেষে বইয়ের বিষয়বস্তু নিয়ে চলে আলোচনা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়ে মত বিনিময় করেন পাঠকেরা। মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আগ্রহ বাড়লেও এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যতিক্রমী সাড়া ফেলেছে।

পাঠাগারে সংগঠনের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুই শতাধিক বইসহ বিভিন্ন লেখকের বই রয়েছে।

শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু বই পড়ার সুযোগ তৈরি নয়, মানুষের মধ্যে জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো।’ তাঁর প্রত্যাশা, স্থানীয়দের অংশগ্রহণে পাঠাগারটি প্রাণবন্ত জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে।

সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন বলেন, নিয়মিত পাঠ আড্ডা ও বইকেন্দ্রিক নানা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাঁরা। পাঠাগারকে ঘিরে জ্ঞানচর্চা, সুস্থ আড্ডা ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে উঠুক, এটাই প্রত্যাশা।

শাখার উপদেষ্টা মো. হাবিবুর রহমান পাঠাগার প্রতিষ্ঠার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এর ফলে বিশেষ করে তরুণ প্রজন্মের বই পড়া ও জ্ঞানচর্চার নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, এমন আশাও প্রকাশ করেন তিনি।

পাঠ আড্ডায় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, আলমগীর মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তনয় রায় ও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তামিম ইসমাইল।

আরও পড়ুন