EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নকলায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

নকলায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কর্মসূচি

নকলায় ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের লিফলেট দিচ্ছেন শুভসংঘের সদস্যরা।

অ অ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার বংশবিস্তার ঠেকাতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ নকলা উপজেলা শাখা। বুধবার শেরপুরের ভাতশালায় শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচিতে ৭০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

আলোচনায় ডেঙ্গুর কারণ, সংক্রমণের ঝুঁকি, এডিস মশার প্রজননস্থল এবং প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক করণীয় তুলে ধরা হয়।

নকলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি জুনায়েদ আহম্মেদ বলেন, ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ। এডিস মশার বংশবিস্তার রোধ করতে না পারলে প্রকোপ নিয়ন্ত্রণ কঠিন। তাই বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নজর রাখার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠন নানা মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক ইশরাত জাহান মিশু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পরিবার, প্রতিবেশী ও পরিচিতজনদের সচেতন করলে প্রতিরোধ আরও কার্যকর হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থী মো. আল-আমিন বলেন, উদ্যোগটি সময়োপযোগী ও শিক্ষণীয়। এখন থেকে বাসাবাড়ি ও ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার চেষ্টা করবেন তিনি।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। তাতে প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনা ছিল। শিক্ষার্থীরা নিজেরা সচেতন থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী সম্পাদক নাজমুল ইসলাম ফাহিম, ফাতেমা জান্নাত, সাদ্দাম হোসেন, মিলনসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন