EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৬৮ নারী

ডেইলি সান রিপোর্ট, বাঞ্ছারামপুর

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৬৮ নারী

ছবি: ডেইলি সান

অ অ

কোনো সুদ নেই, নেই সার্ভিস চার্জ কিংবা জামানতের বাধ্যবাধকতা। এমন সুবিধায় ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন সুবিধাবঞ্চিত নারীরা। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগে গত দুই দশকে ৩১ হাজারের বেশি মানুষের জীবনে পরিবর্তন এসেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৬৮ জন নারীর মধ্যে ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। আকানগর মাদ্রাসা মাঠে আয়োজিত ফাউন্ডেশনের ৮৫তম ঋণ বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণের টাকা তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী এবং বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই।

বাঞ্ছারামপুর ও নবীনগরের এসব নারীর প্রত্যেকের ওপর নির্ভরশীল একটি করে পরিবার। আর্থিক সংকটের কারণে অনেকেরই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হচ্ছিল না। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন।

২০০৫ সাল থেকে ফাউন্ডেশনটি সুদমুক্ত ও জামানতবিহীন ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার হোমনার বহু পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে।

ঋণের টাকা পেয়ে খুশি আকানগর গ্রামের জুলেখা আক্তার। তাঁর স্বামী ধনু মিয়া কাঠের কাজ করে সংসার চালান। এই টাকা দিয়ে স্বামীর কাজে সহযোগিতা করতে চান জুলেখা।

একই গ্রামের আছমা আক্তার বলেন, এখন কৃষিকাজের মৌসুম। ঋণের টাকা দিয়ে জমি চাষ করবেন তিনি। কয়েক মাসের মধ্যে বিনিয়োগ করা টাকা উঠে আসবে বলে আশা তাঁর। এই ঋণ পেয়ে উপকৃত হয়েছেন বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই বলেন, চড়া সুদের ঋণ থেকে মুক্তি পেয়ে অসচ্ছল নারীরা নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এতে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসছে। 

ঋণের টাকা বৈধ ও সৎ পথে আয় বাড়ানোর কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উপকারভোগীদের অর্থ সংসারের কাজে লাগানোর পরামর্শ দেন।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ কার্যক্রমের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষাবৃত্তি, বিনা মূল্যে চিকিৎসাসেবা, প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, এ ঋণ কার্যক্রম শুধু নারীদের আর্থিক সচ্ছলতা বাড়াচ্ছে না, তাঁদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

মো. চাঁনমিয়া সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, ডেপুটি ম্যানেজার মোশাররফ হোসেনসহ অন্যরা।

আরও পড়ুন