EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

অভাবের বৃত্ত ভেঙে স্বপ্নের পথে, নারীদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

অভাবের বৃত্ত ভেঙে স্বপ্নের পথে, নারীদের পাশে বসুন্ধরা শুভসংঘ
অ অ

অভাবের সংসারে স্বস্তি ফেরানো, নিজের আয়ে স্বাবলম্বী হওয়া আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সেলাইয়ের কাজ শিখছেন পঞ্চগড়ের ২০ নারী। কারও সংসারে নিত্যদিনের টানাপোড়েন, কেউ বিধবা হয়ে জীবিকার সংগ্রামে, আবার কেউ পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান। তাদের সেই স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কর্মশালা।

পঞ্চগড় জেলা শহরের অনির্বাণ বিদ্যানিকেতনে শুরু হয়েছে এ প্রশিক্ষণ কার্যক্রম। এতে পঞ্চগড় সদর উপজেলার অসহায় ও দরিদ্র নারী, বিধবা এবং দরিদ্র পরিবারের স্কুলছাত্রীসহ পিছিয়ে পড়া ২০ নারী অংশ নিয়েছেন। তাদের দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশিক্ষণার্থী শিরিন আক্তারের চোখেমুখে এখন নতুন আশার আলো। সেলাইয়ের কাজ শিখে নিজের আয়ে সংসারে সহযোগিতা করতে চান তিনি। তার প্রত্যাশা, এ প্রশিক্ষণ তাকে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে।

আরেক প্রশিক্ষণার্থী রোজিনা আক্তারের কাছেও এ উদ্যোগ কেবল সেলাই শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা। প্রশিক্ষণ শেষে সেলাইয়ের কাজ করে আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে চান তিনিও।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। এতে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি কাজ শুরুর প্রয়োজনীয় উপকরণও পাবেন। ফলে ঘরে বসেই আয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড়ের সভাপতি সুমন ইসলাম বলেন, পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে নারীরা যেন নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে সংগঠনটি।

শুধু সুঁই-সুতার কাজ শেখা নয়, এ কর্মশালার সঙ্গে জড়িয়ে আছে আত্মবিশ্বাস, স্বনির্ভরতা আর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বপ্নপূরণের পথ সুগম করছে বসুন্ধরা শুভসংঘ।

আরও পড়ুন