ডেঙ্গু প্রতিরোধে মনপুরায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
ডেইলি সান রিপোর্ট, ভোলা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: ডেইলি সান
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে ভোলার মনপুরায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে, এমন স্থান পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে সচেতন করেন।
অভিযানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা তরিক চন্দ্র শীল। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রিমন, মনপুরা উপজেলা শাখার অর্থ সম্পাদক ইমাম হোসেন রিফাত, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিমলা আক্তার মিতু, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক তিশা তাবাস্সুম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক খাদিজা বেগম এবং কার্যকরী সদস্য আনজুম আরা মিম, শান্ত তালুকদার ও মো. তামিমসহ সংগঠনটির অন্য সদস্যরা।
আব্দুর রহমান সোয়েব বলেন, ‘ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন হলে এ ধরনের রোগের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’
সংগঠনটির সদস্যরা বলেন, ডেঙ্গু ও পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে রোগের বিস্তার রোধে ভূমিকা রাখা সম্ভব।
তারা জানান, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।