ডেঙ্গু রুখতে জবি ক্যাম্পাসে শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম
জবি ক্যাম্পাসে জমে থাকা পানি অপসারণ করছেন শুভসংঘের স্বেচ্ছাসেবীরা। ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বসুন্ধরা শুভসংঘ জবি শাখার প্রায় ১৫০ স্বেচ্ছাসেবী। ৫ অক্টোবর শুরু হওয়া ১০ দিনের সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এ অভিযান হয়। এডিস মশার বংশবিস্তার রোধ এবং শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ছিল উদ্যোগের উদ্দেশ্য।
দুপুর ১টার দিকে সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেন। বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ, মুক্তমঞ্চ, পোগোজ স্কুল ও ক্যাফেটেরিয়াসংলগ্ন ভাবনা চত্বরসহ বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, একবার ব্যবহারযোগ্য কাপ ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি ফেলে দেন। স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাঁরা হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় টুপি পরেছিলেন।
বসুন্ধরা শুভসংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাসেল শেখ বলেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছি, যাতে আমাদের প্রিয় ক্যাম্পাস নিরাপদ থাকে এবং ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ও বংশবিস্তার রোধ করা সম্ভব হয়। সবার সহযোগিতায় আমরা এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। বসুন্ধরা শুভসংঘকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।’
-6acf5c4bdbf09.jpg)
নির্বাহী সভাপতি রিফাত হোসেন বলেন, ‘ক্যাম্পাস আমাদের দ্বিতীয় বাড়ি। এটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শুভসংঘের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব। এ লক্ষ্য সামনে রেখেই আমাদের আজকের আয়োজন।’
সংগঠনটির সাধারণ সম্পাদক সামিয়া আক্তার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা নিয়মিত সমাজের কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছি। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যঝুঁকি এড়াতে গ্লাভস ও মাস্ক পরে কাজে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সংগঠনটির সদস্য আমির হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হতে পেরে আমি গর্বিত। নিজের ক্যাম্পাসকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে পেরে ভালো লাগছে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে যুক্ত থাকতে চাই।’
শুভসংঘের পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পোগোজ স্কুলের এক শিক্ষার্থীর মা আমেনা খাতুন। তিনি বলেন, ‘আমার সন্তান পোগোজ স্কুলে পড়াশোনা করে। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় ছিলাম। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুভসংঘের শিক্ষার্থীদের স্কুলের মাঠ পরিষ্কার করতে এবং জমে থাকা পানি ফেলে দিতে দেখে খুব ভালো লেগেছে। এ ধরনের উদ্যোগে শিশুরা মশার কামড় ও ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে সহায়তা পাবে। এত সুন্দর ও উপকারী উদ্যোগ নেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
অভিযানে সহ-সভাপতি আল শাহরিয়ারসহ কমিটির বিভিন্ন সম্পাদক ও সদস্য অংশ নেন। ১০ দিনের এ কর্মসূচিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ ও ডেঙ্গু সচেতনতার কার্যক্রম চলছে।