EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে শিক্ষার্থীদের সচেতনতা কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে শিক্ষার্থীদের সচেতনতা কর্মসূচি
অ অ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শেরপুরে আলোচনা ও লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে শেরপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় শিক্ষার্থীদের ডেঙ্গু রোগের কারণ, এডিস মশার প্রজননস্থল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণ, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বক্তারা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি, বিদ্যালয় ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার রাখার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক হাকিম বাবুল, সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানাত জাহান, ক্লিনআপ শেরপুর জেলা শাখার সমন্বয়ক আল আমিন রাজু এবং সহকারী শিক্ষকেরা।

প্রধান শিক্ষক হাসানাত জাহান বলেন, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন করতে পারে। এ ধরনের কার্যক্রম তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

হাকিম বাবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিষ্কার রাখলে এর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

মিনহাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হলে তা পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি সরানো এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন