EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ডেঙ্গু প্রতিরোধে জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

ডেঙ্গু প্রতিরোধে জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা
অ অ

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সভা হয়েছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয়’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

শুভসংঘের জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ঝুমা আক্তার।

বক্তব্য দেন— বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সাবেক প্রক্টর ও সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল, দৈনিক কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন, শুভসংঘের উপদেষ্টা ইয়াসির আরাফাত।

বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হল ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তাঁদের মতে, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও দরকার। শিক্ষার্থীদের নিজ নিজ হল, ক্যাম্পাস ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিবার ও সমাজের মানুষের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয়সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অংশ নেন শুভসংঘের সদস্যরা।

আরও পড়ুন